Monday, 18 December 2017

নির্ভয়ারা একই আছে ঃ স্বাতী বিশ্বাস

নির্ভয়ারা একই আছে
-----------------------------
সব একই থাকে ...........
জীবনের বাইরে তো যাওয়া যায় না।
জীবন মানে তো প্রস্থানের দিকে হাঁটা
মাঝের সময়গুলো একেকটি স্টেশন।
এসেছি একা কিন্তু পাখি তো নই
সময়ের সাথে পারিপার্শ্বিকতার চক্রবুহ্যে
জড়িয়ে চলি অবিরাম সেই পথে
যে পথে আগে হেঁটে গেছে আমার পূর্ব মানবী।
যাঁরা আগে হেঁটেছিল সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে
ক্রমশ অতীত গহ্বর থেকে একেকটি অবয়ব প্রকট হয়ে
সমুখে এসে দাঁড়িয়ে গতিরোধ করে আমার
কোটি কন্ঠ থেকে নির্গত হয় একটিই প্রশ্ন
নারী লাঞ্ছনা কেন কমেনি এখনো?
আমি স্বপ্নাহতের মত ভাবতে থাকি
কি বলা উচিৎ বা অনুচিৎ হবে।
একে একে আমার চারিপাশে মানব বন্ধনী তৈরী হয়
স্পষ্ট দেখি দ্রৌপদী সীতা অহল্যা থেকে নির্ভয়াকে।
মাথার উপরে উড়তে থাকে কন্যা ভ্রূণের মিছিল
আর যারা আরো আরো আগে হেঁটেছিলেন
তাঁরাও এসে দাঁড়ান সামনে।
আমি নতজানু হয়ে বসে আছি সেই বিরাটের কাছে।
আসলে কিছু পাল্টায় না -
যুগে যুগে সন্ত্রাসের টার্গেট তো নারী আর শিশু
পৃথিবী যত উন্নত হবে ততই বাড়বে হিংস্রতা।
আমিও প্রস্থান করে ওই দলে ভিড়ে
জবাবদিহি চাইবো এমন করে সেই শেষের দিনে।
স্বাতী। ১৬.১২.১৭

2 comments: